সিরিজ জিততে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে

এ ম্যাচে জয় পেলে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠেই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা।

নয়া দিগন্ত অনলাইন
ফাইনালের আবহ নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড
ফাইনালের আবহ নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড |সংগৃহীত

ফাইনালের আবহ নিয়ে চট্টগ্রামে এসেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সাগরিকায় সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বেলা ১১টায় শুরু হবে খেলা।

প্রথম ম্যাচ অপ্রত্যাশিতভাবে হারলেও দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজে ফেরায় প্রতিদ্বন্দ্বিতা। শেষ ম্যাচটা তাই হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল।

এ ম্যাচে জয় পেলে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠেই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা।

যদিও তা সহজ হবে না মোটেও। ইতিহাস কথা বলছে না টাইগারদের হয়ে। ওয়ানডে ক্রিকেটে তিন ম্যাচ সিরিজে এখন পর্যন্ত মাত্র দুইবার প্রথম ম্যাচ হেরেও সিরিজ জিতেছে বাংলাদেশ।

২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার। দ্বিতীয়বার জিতেছিল ২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের ১১ বছরে আরো ১৮টি সিরিজে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ।

কিন্তু কোনোটিতেই প্রত্যাবর্তনের গল্প লেখা হয়নি তাদের। এই সময়ে তিনবার সিরিজের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচ জিততে পারেনি তারা।

পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত আটটি সিরিজে ১-১ অবস্থা থেকে শেষ পর্যন্ত সিরিজ জিততে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিপরীতে ১-১ অবস্থা থেকে বাংলাদেশ জিতেছে মোট নয়টি সিরিজ।

তবে ভাবনার বিষয় হলো, এর সাতটিতেই আবার প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছিল বাংলাদেশ। যে দুই ম্যাচের কথা (জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা) উপরেই বলা আছে।

অর্থাৎ আজ সাগরিকায় সিরিজ জিততে হলে অবিস্মরণীয় কিছুই ঘটাতে হবে টাইগারদের। মিরাজদের সামনে প্রায় ১১ বছর পর আবার সেই স্মৃতি ফেরানোর চ্যালেঞ্জ।