এক শ’ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তান

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়ায় পাকিস্তান মধ্যাহ্ন বিরতিতে ২ উইকেটে ১০১ রান তুলেছে; শান মাসুদ ও বাবর আজমের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। দুই ওপেনারকে দ্রুত ফেরালেও এখনো জয়ের জন্য পাকিস্তানের দরকার আরও ৩৩৬ রান, আর বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

দুই ওপেনারকে ফিরিয়ে দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে পাকিস্তান। রান তুলছে ওয়ানডে গতিতে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেটে ১০১ রান। শান মাসুদ ৪১ ও বাবর আজম ব্যাট করছেন ২৪ রানে। তাদের জুটিতে এসেছে ৬১ বলে ৬০ রান।

৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় বিশ্বরেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে। ক্রিকেট ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। তবে পাকিস্তান সাহস দেখাচ্ছে। যদিও এখনো ৩৩৬ রান করতে হবে তাদের।

রান তাড়া করতে নেমে ১০.২ ওভারে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। আব্দুল্লাহ ফজলকে (৬) মেহেদী মিরাজের ক্যাচ বানান নাহিদ রানা। এরপরের উইকেটটা অবশ্য মিরাজই নিয়েছেন।

মিরাজের শিকার আজান আওয়াইস। ২১ রান নিয়ে এলবিডব্লু হন আজান। ৪১ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। এরপরই জুটি গড়েন শান মাসুদ ও বাবর আজম। তাদের ব্যাটে স্বপ্ন দেখছে সফরকারীরা।

উল্লেখ্য, সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে ২৭৮ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩২ রানে। ৪৬ রানের লিড পায় স্বাগতিকেরা।

লিড নিয়ে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তুলে বাংলাদেশ। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় তাতে ৪৩৭ রান।