৫ উইকেট নেই পাকিস্তানের, স্বস্তিতে বাংলাদেশ

৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে, আর তাতে সিলেট টেস্টে জয়ের পথে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ। বাবর-শান জুটি ভাঙার পর দ্রুত আরো উইকেট হারায় সফরকারীরা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ভেঙে গেল পাকিস্তানের প্রতিরোধ। মিডলঅর্ডারে লেগেছে বড় ধাক্কা। ৫ উইকেট হারিয়ে চাপে সফরকারীরা। তাতে জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় বিশ্বরেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে। ক্রিকেট ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। তবে সফরকারীরা সাহস দেখাতে শুরু করে, স্বপ্ন দেখান শান মাসুদ ও বাবর আজম।

রান তাড়া করতে নেমে ১০.২ ওভারে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। আব্দুল্লাহ ফজলকে (৬) মেহেদী মিরাজের ক্যাচ বানান নাহিদ রানা। এরপরের উইকেটটা অবশ্য মিরাজই নিয়েছেন।

মিরাজের শিকার আজান আওয়াইস। ২১ রান নিয়ে এলবিডব্লিউ হন আজান। ৪১ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। এরপরই জুটি গড়েন শান মাসুদ ও বাবর আজম। তাদের ব্যাটে স্বপ্ন দেখতে থাকে সফরকারীরা।

তাদের ব্যাটে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তান। রান তুলে ওয়ানডে গতিতে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেটে ১০১ রান। জুটিতে আসে ৬১ বলে ৬০।

জুটি ভাঙে ৩৫তম ওভারে, ১১৫ বলে ৯২ রান যোগ করে। জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তার বল বাবরের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ৫২ বলে ৪৭ রানে আউট হন তিনি।

পাঁচে নেমে থিতু হতে পারেননি সৌদ শাকিল (২১ বলে ৬)। নাহিদ রানার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন তিনি। ১৫৪ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।

আর ৮ রান যোগ হতেই ফের আঘাত আনেন তাইজুল। এবার তার শিকার পাকিস্তান অধিনায়ক। ভয়ের কারণ হয়ে ওঠা শান মাসুদ আউট হন ১১৬ বলে ৭১করে। তাতেই ফেরে স্বস্তি।

এই মুহূর্তে হাল ধরার চেষ্টা করছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। তাদের দ্রুত ফেরাতে পারলেই সিলেট টেস্টে জয় কেবল সময়ের অপেক্ষা। অন্যদিকে পাকিস্তানকে করতে হবে এখনো ২৬০ রান।

পাকিস্তানের সংগ্রহ এই মুহূর্তে ৫ উইকেটে ১৭৭।

উল্লেখ্য, সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে ২৭৮ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩২ রানে। ৪৬ রানের লিড পায় স্বাগতিকেরা।

লিড নিয়ে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তুলে বাংলাদেশ। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় তাতে ৪৩৭ রান।