আগের ম্যাচেই কাটিয়ে উঠেছিলেন খরা। ১৩ ম্যাচ পর উঁচিয়ে ধরেছিলেন ব্যাট, তুলে নেন ১১তম ওয়ানডে ফিফটি। ১২তম ফিফটি পেতে আর অপেক্ষা করতে হলো না।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে আবারো ফিফটি তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। দলের বিপর্যয়ের মুখে দেখেশুনে ৭০ বলে পৌঁছান এই মাইলফলকে।
দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানে অপরাজিত থাকার পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ক্রাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন শান্ত। তবে এবার এগিয়ে যাচ্ছেন।
৩০ ওভার শেষে শান্ত ব্যাট করছেন ৮১ বলে ৬৬ রান নিয়ে। ইতোমধ্যে লিটন দাসের সাথে গড়েছেন শতরানের (১২৯ বলে ১০৩*) জুটি। লিটন অপরাজিত আছেন ৬৬ বলে ৪৫ রান নিয়ে।
দু’জনের এমন যুগলবন্দীতে এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা।
তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি। ইনিংসে দ্বিতীয় বলেই উইকেটকিপার টম ল্যাথামকে ক্যাচ দিয়ে ফিরেন সাইফ হাসান। ২ বল খেলে শূন্য রানে আউট হন তিনি।
আর তৃতীয় ওভারে ও’রুর্কের প্রথম বলেই বোল্ড হন তানজিদ তামিম। ৫ বলে ১ রান করেন তিনি। একটু ওপরে উঠে খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। বল ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়।
৩ ওভারে ৯ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। তবে সৌম্যকেও জ্বলে উঠার আগেই থামিয়ে দেন ও’রুর্ক।
তামিমের মতোই ক্রস করে নিচে খেলতে গিয়ে বল স্টাম্পে টেনে নেন সৌম্য। বোল্ড হয়ে যান ২৬ বলে ১৮ রান নিয়ে।



