নতুন ভূমিকায় দেখা যাবে ক্রিস গেইলকে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগের একটি দল কিনলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা ক্রিকেটার। গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার হয়েছেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।
এ বছর ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। ছয় দলের প্রতিযোগিতায় ৩৩টি ম্যাচ হবে। ইউরোপের ছয়টি শহরে হবে ম্যাচগুলো। শহরগুলো হলো- গ্লাসগো, আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট এবং রটারডাম।
নতুন এই লিগে দল মালিকের ভূমিকায় দেখা যাবে গেইলকে। যাকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বলে বিবেচনা করা হয়।
গেইলকে স্বাগত জানিয়ে অভিষেক বলেছেন, ‘মুগাফি গোষ্ঠী এবং ক্রিস গেইলকে এই যাত্রায় স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার উপস্থিতি ইউরোপিয়ান ক্রিকেটে আলাদা উত্তেজনা যোগ করবে। আমরা এই লিগের মাধ্যমে নতুন নতুন প্রতিভা তুলে আনব। দুর্দান্ত সম্ভাবনা রয়েছে এই নতুন প্রতিযোগিতার।’
নতুন ভূমিকায় উচ্ছ্বসিত গেইলও। তিনি বলেছেন, ‘ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। গোটা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছি। আমি নিশ্চিত এই লিগটা আলাদা হবে।’
নতুন এই লিগের সাথে যুক্ত গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ ওহয়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বরা। যুক্ত হতে পারেন রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিনও।
আমস্টারডম ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত রয়েছেন স্টিভ এবং অস্ট্রেলিয়ার সাবেক হকি খেলোয়াড় জেমি ডোয়ারা। যুক্ত রয়েছেন নিউজিল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার নাথান ম্যাককালাম এবং কাইল মিলসও।


