সাগরিকায় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরেও টাইগাররা সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। যা দেশের ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা।
এই নিয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত মাত্র তিনবার প্রথম ম্যাচ হেরেও সিরিজ জিতল টাইগাররা। ২০০৯ সালে জিম্বাবুয়ে ও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েছিল বাংলাদেশ।
পরের ১১ বছরে আরো ১৮টি সিরিজে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। কিন্তু কোনোটিতেই প্রত্যাবর্তনের গল্প লেখা হয়নি তাদের। তবে এবার পেরেছে বাংলাদেশ। যেখানে বড় ভূমিকা নাহিদ রানার।
সিরিজ জুড়ে গতি ঝড় তোলা নাহিদ রানা সিরিজের ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। যেখানে তার ইকোনমি মাত্র ৪.৪৭। যা তাকে এনে দিয়েছে সিরিজসেরার পুরস্কার।
এটা তার টানা দ্বিতীয় সিরিজসেরার পুরস্কার। এর আগে গতমাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে যে সিরিজ জিতেছিল বাংলাদেশ, সেই সিরিজেও সেরা খেলোয়াড় হন নাহিদ রানা।
পাকিস্তানের বিপক্ষেও ৩ ম্যাচে ৮ উইকেট নেন তিনি। যদিও সেবার পুরস্কার জেতেন যৌথভাবে তানজিদ তামিমের সাথে। ব্যাট হাতে তামিম ১৭৫ রান করেছিলেন।
নাহিদ রানাকে সেরা খেলোয়াড় হতে সহায়তা করেছে দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স। মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। সেই ম্যাচে ৬০ বলের মাঝে ৫৯টিই করেন ১৪০ এর বেশি গতিতে।
সেই ম্যাচে ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হন নাহিদ রানা। আর আজ চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১১৯ বলে ১০৫ রানের ইনিংস খেলেন তিনি।



