মোহামেডানে তারকার মেলা, প্রাইম ব্যাংকে মাহমুদউল্লাহ

প্রাইম ব্যাংকের হয়ে এবার মাহমুদউল্লাহ ছাড়াও দেখা যাবে আজিজুল হাকিম তামিম, শাহাদাত হোসেন দীপু, শামীম হোসেন পাটোয়ারী, আলিস আল ইসলাম, তানজিম হাসান সাকিবের মতো পরীক্ষিত ক্রিকেটারদের।

নয়া দিগন্ত অনলাইন
মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ |সংগৃহীত

প্রিমিয়ার লিগের চার আসরে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ। এবার ঠিকানা বদলে প্রাইম ব্যাংকে যোগ দিয়েছেন ৪০ বছর বয়সী অলরাউন্ডার।

মিরপুর স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন গত এক বছর ধরে প্রতিযোগিতামূলক দূরে থাকা মাহমুদউল্লাহ।

প্রাইম ব্যাংকের হয়ে এবার মাহমুদউল্লাহ ছাড়াও দেখা যাবে আজিজুল হাকিম তামিম, শাহাদাত হোসেন দীপু, শামীম হোসেন পাটোয়ারী, আলিস আল ইসলাম, তানজিম হাসান সাকিবের মতো পরীক্ষিত ক্রিকেটারদের।

এদিকে খেলব না খেলব না করেও শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলতে রাজি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে তারা শক্তিমত্তায় আবাহনী-মোহামেডানের চেয়ে খানিকটা পিছিয়ে।

প্রথম দিন মোহামেডান দলে ভিড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান এনামুল হককে। খেলবেন মোহাম্মদ নাঈম ও পারভেজ হোসেনও।

লেগ স্পিনার রিশাদ হোসেন ও তরুণ পেসার রিপন মণ্ডলও দলটিতে নাম লিখিয়েছেন আজ।

অন্যদিকে চ্যাম্পিয়ন আবাহনী পুরোনোদের বেশিভাগকেই ধরে রেখেছে। এবার দলটিতে এসেছেন সৌম্য সরকার, জাকের আলী, সাব্বির রহমানের মতো জাতীয় দলের ক্রিকেটাররাও।

লুৎফর রহমান বাদলের রূপগঞ্জে দেখা যেতে পারে হাবিবুর রহমান সোহান, সাইফ হাসান, ইরফান শুক্কুর, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সামিউন বশির রাতুলদের।

রাজিন সালেহকে কোচ করে দল গড়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এই দলে খেলবেন ইমরুল কায়েস, নাসির হোসেন, সাদমান ইসলামসহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

প্রিমিয়ারের নতুন দল ঢাকা লেপার্ড একঝাঁক তরুণ মেধাবী ক্রিকেটারের নতুন ঠিকানা। আগেরবার প্রিমিয়ার লিগে নজরকাড়া বেশ কয়েকজন মেধাবী তরুণ নাম লিখাতে যাচ্ছেন ঢাকা লেপার্ডে।

সেই তালিকায় জাওয়াদ আবরার, জাকির হাসান, ইফতিখার ইফতি, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মঈন খান, আলাউদ্দীন বাবু, পারভেজ জীবন, ফাহাদ, হাসান মুরাদ, আরাফাত সানি, মেহেদী হাসান রানা, সৈকত আলী, দেবাশীষ সরকাররা আছেন।

অন্যদিকে একসময়ের শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে নাম বদলে হয়ে যাওয়া বসুন্ধরা স্ট্রাইকার্সে এবারো আছেন নুরুল হাসান সোহান। তার সাথে আছেন ফজলে রাব্বি, জিয়াউর রহমান ও নাহিদ ইসলাম।

সব মিলিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম দিনের দলবদল নিয়ে বেশ উৎসব মুখর হয়েছিল বিসিবি। যেখানে ৭৯ জন ক্রিকেটার খুঁজে নিয়েছেন নিজেদের নতুন ঠিকানা।

তবে ক্রিকেটারদের ছিল হতাশার কথা। এবারের লিগে অবনমন না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, হবে না সুপার লিগও। বেশিভাগ দলই তাই বরাদ্দ করা ২৫ লাখ টাকা অনুদানের বাইরে খুব বেশি খরচ না করতে।

ফলে এবার সব ক্রিকেটাররাই তাই এবার প্রায় অর্ধেক পারিশ্রমিকে খেলছেন। প্রথম সারির ক্রিকেটারদের বাইরে বাকিদের ক্ষেত্রে অঙ্কটা কমেছে আরো।

শনিবার সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক। প্রথম বিভাগ থেকে উঠে আসা ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব দলে নিয়েছে ১৫ জন করে ক্রিকেটার।

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডে নতুন করে যোগ দিয়েছেন ১০ জন ক্রিকেটার। তারকায় ঠাঁসা দল গড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবে এসেছেন ১১ জন।