জাতীয় দলের অধ্যায় শেষে এবার এইচপিতে সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব শেষ করেছেন। তবে তিনি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ সালাউদ্দিন
মোহাম্মদ সালাউদ্দিন |সংগৃহীত

জাতীয় দলে শেষ হলো কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধ্যায়। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ডাগআউট ছাড়লেন দেশের ক্রিকেটের এই খ্যাতিমান কোচ।

বুধবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব শেষ হয় সালাউদ্দিনের। সিলেটে দারুণ জয়ের পর ড্রেসিংরুমে ক্রিকেটার ও কোচিং স্টাফদের থেকে বিদায় নিয়েছেন তিনি।

তবে জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও বিসিবিতেই থাকছেন তিনি। তাকে নতুন দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ করা হয়েছে তাকে।

২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান সালাউদ্দিন। প্রথমে শুধু সহকারী এরপর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ডেভিড হেম্পের বদলে ব্যাটিং কোচ করা হয় তাকে।

বিসিবির সাথে তার বর্তমান চুক্তির কার্যকাল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এইচপির প্রধান কোচের পদে যোগ দিলেও সালাউদ্দিনের চুক্তির মেয়াদ আপাতত ২০২৭ বিশ্বকাপ পর্যন্তই থাকবে।

দেশের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে এইচপি। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য খেলার সূচি আলাদা করে সাজানোর চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির।

আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে ক্রিকেট বোর্ডের। এর অংশ হিসেবে এইচপির প্রধান কোচ হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।

শুধু তিনি নয়, এখানে নিয়োগ পাচ্ছেন দেশের ক্রিকেটের সমৃদ্ধ আরো কয়েকজন কোচ। থাকছেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাল ও তালহা জুবায়েররা।

সবকিছু ঠিক থাকলে এইচপির আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে কোচের দায়িত্ব বুঝে নেবেন সালাউদ্দিনরা। আগামী ১ জুন শুরু হতে পারে আসন্ন এই সিরিজের ক্যাম্প।

জুন মাসের ৩ তারিখ জিম্বাবুয়ে ‘এ’ দল এইচপি বিভাগের সাথে খেলতে আসবে। এরপর ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া ও রাজশাহীতে। এরপর দু’টি চার দিনের ম্যাচ মাঠে গড়াবে সিলেটে।