জমে উঠেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ এ সমতায়। সিরিজের শেষ ম্যাচটা তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে গড়াবে এই ম্যাচটি। সিরিজ নিশ্চিত করার মিশনে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে দুই দল।
সেই ম্যাচটি স্টেডিয়ামে বসে উপভোগ করতে টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বিসিবি। আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে ৮ ক্যাটাগরিতে টিকিটের মূল্য তালিকা দিয়েছে তারা।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, মতিউর রহমান স্টেডিয়ামে পূর্ব গ্যালারির টিকিটের দাম সবচেয়ে কম, মাত্র ২০০ টাকায় সেখানে বসে দেখা যাবে লিটন-তাসকিনদের।
এ ছাড়া পশ্চিম গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম ৬০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
পূর্ব ও পশ্চিমে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০০ টাকা করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে ছাদের ওপর দুই প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ২৫০০ টাকা করে রাখা হয়েছে।
স্টেডিয়ামের এই চারটি জায়গার টিকিটের দামই সবচেয়ে বেশি।


