নাহিদ রানার তোপে গতকাল (সোমবার) বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। গুটিয়ে যায় মাত্র ১৯৮ রানে। এরপর ছোট এই লক্ষ্য আরো সহজ করে দেন তানজিদ তামিম।
তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়ে কিউই বোলাররা। শেষ পর্যন্ত ৫৮ বলে ৪ ছক্কা ও ১০ চারে ৭৬ রান করেন তামিম। বাংলাদেশ জয় পায় ১৪.৩ ওভার হাতে রেখে।
ম্যাচ শেষে কিউই ব্যাটার নিক কেলি স্বীকার করেন শুরুতেই তামিম তাদের চাপে ফেলে দিয়েছিল।
সংবাদ সম্মেলনে কেলি বলেন, ‘ও একদম খাঁটি খেলোয়াড়। এই প্রথম ওকে সরাসরি খেলতে দেখলাম। এর আগে, টিভি আর অনলাইনে কিছুটা দেখেছি। ও দারুণ শট খেলে, শুরুতেই আমাদের বোলারদের চাপে ফেলে দিয়েছিল। রান তাড়া করার কাজটা সে অনেকটাই সহজ করে দিয়েছে।’
এই সময় বাংলাদেশের ব্যাটিং কৌশলের প্রশংসা করেন তামিম। তার মতে, নিউজিল্যান্ড যেখানে ছিল রক্ষণাত্মক, সেখানে বাংলাদেশ দেখিয়েছে সাহসী মনোভাব।
কেলি বলেন, ‘উইকেটে বাউন্স ছিল, তবে শুরুর সেই সুইং দ্রুতই কমে গিয়েছিল। আমাদের আর বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনটা ছিল একদম আলাদা। আমরা কিছুটা রক্ষণাত্মক ছিলাম, উইকেট ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু বাংলাদেশের ছেলেরা প্রথম থেকেই অনেক বেশি ইতিবাচক মেজাজে ব্যাটিং করেছে এবং আমাদের চাপে রেখেছে। তামিম সত্যিই দারুণ একটা ইনিংস খেলেছে।’
তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল কেলির কণ্ঠে। তিনি বলেন, ‘এই ম্যাচ থেকে আমরা শিক্ষা নিচ্ছি। এখন আমরা দ্রুত এটা ভুলে গিয়ে বিশ্রাম নেব ও সিরিজের অঘোষিত ফাইনালের জন্য মুখিয়ে থাকব।’


