আইসিসি থেকে সুখবর পেলেন নাহিদ রানা

এদিকে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় ১ ধাপ এগিয়ে এখন ৩ নম্বরে উঠে এসেছেন মেহেদী মিরাজ।

নয়া দিগন্ত অনলাইন
পেসার নাহিদ রানা
পেসার নাহিদ রানা |ফাইল ছবি

গত সপ্তাহের হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছিলেন নাহিদ রানা। চলতি সপ্তাহেও আইসিসি থেকে সুখবর পেলেন এই পেসার, ঘোষিত নতুন র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার।

কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে ভালো করে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পেসার নাহিদ রানা। র‍্যাঙ্কিং উন্নতি হয়েছে শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানেরও।

এ ছাড়া ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে নাজমুল হোসেন ও লিটন দাস ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মেহেদী মিরাজও এগিয়েছেন। সব মিলিয়ে নিউজিল্যান্ডে সিরিজের প্রভাব ভালোই পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোস্তাফিজ, নাহিদ ও শরিফুল মিলে নেন ১৮ উইকেট। এর মাঝে নাহিদ একাই নিয়েছেন ৮ উইকেট। ডানহাতি এই পেসার জেতেন সিরিজসেরা পুরস্কারও।

এ ছাড়া শুধুমাত্র শেষ ম্যাচ খেলা মোস্তাফিজ নিয়েছিলেন ৫ উইকেট। সমান ৫ উইকেট নেন শরীফুলও।

এমন পারফরম্যান্সের পর বোলিং র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছে নাহিদ। এ ছাড়া ১৪ ধাপ এগিয়ে ৪১ নম্বরে এসেছেন মোস্তাফিজ। আর ১১ ধাপ লাফিয়ে ২৮ নম্বরে আছেন শরীফুল।

বাংলাদেশের বোলারদের মাঝে সবার ওপরে আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের মতোই ৮ নম্বরেই আছেন তিনি।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের। ১১ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন শান্ত। আর ১৫ ধাপ লাফিয়ে ৬৫ নম্বরে আছেন লিটন দাস।

এদিকে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় ১ ধাপ এগিয়ে এখন ৩ নম্বরে উঠে এসেছেন মেহেদী মিরাজ।

এদিকে এই র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টির পারফরম্যান্সও। যেখানে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে আছেন ৩৯তম স্থানে।