আলোকস্বল্পতায় গোলাপী বল ব্যবহারের অনুমতি দিলো আইসিসি

আইসিসি জানিয়েছে, সদস্যপদের শর্তাবলি ও প্রশাসনিক নিয়মকানুন গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে ক্রিকেট কানাডাকে।

নয়া দিগন্ত অনলাইন

আন্তর্জাতিক ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে বেশকিছু পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এরমধ্যে আলোকস্বল্পতায় লাল বলের পরিবর্তে গোলাপী বল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। খারাপ আবহাওয়া বা আলো স্বল্পতার কারণে ম্যাচ যেন বন্ধ না থাকে, সেজন্য টেস্ট ম্যাচ চলাকালীন দুই দলের সম্মতিতে লাল বলের পরিবর্তে গোলাপী বল দিয়েও খেলা পরিচালনা করা যাবে।

ফ্লাডলাইট, আলো পরিমাপের ব্যবস্থা, সেন্সর ও অন্যান্য আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) একসাথে অর্থায়ন করবে।

আইসিসির বোর্ড সভায় কানাডা ক্রিকেটের সদস্যপদও স্থগিত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, সদস্যপদের শর্তাবলি ও প্রশাসনিক নিয়মকানুন গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে ক্রিকেট কানাডাকে।

বোর্ডের প্রশাসনিক জটিলতার কারণে খেলোয়াড়রা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আইসিসির ইভেন্টগুলোতে কানাডাকে অংশ নেয়ার অনুমতি দিয়েছে আইসিসি। নিজস্ব তত্ত্বাবধানে কানাডার জন্য ফান্ডের ব্যবস্থাও চালু থাকবে বলে জানিয়েছে আইসিসি।

এছাড়া নারীদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর সময়েও পরিবর্তন আনা হয়েছে। ২০২৭ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এবারের টুর্নামেন্ট ২০২৭ সালের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি আয়োজন করা হবে।

২০২৮ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ দলের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু ১০ দলের পরিবর্তে ১২টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। স্বাগতিকসহ র‌্যাংকিংয়ের শীর্ষ ১০ দল সরাসরি বিশ্বকাপ খেলবে। বাছাইপর্ব থেকে বাকি দুই দল বিশ্বকাপ খেলার টিকিট পাবে।

ওয়ানডেতে পানি পানের বিরতিতে মাঠে প্রধান কোচের প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। খেলোয়াড়দের মতো কোচও টিম জার্সি পরে মাঠে যাবে।

এছাড়া টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করেছে আইসিসি।

সূত্র : বাসস