কাউন্টিতে অভিষেকেই বাজিমাত হাসান মাহমুদের, হয়েছেন ম্যাচ সেরা

হাসান মাহমুদ ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে ৯ উইকেট শিকার ও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। তার বোলিংয়ে কেন্ট ১৪০ রানে ল্যাঙ্কাশায়ারকে হারিয়েছে, আর তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
হাসান মাহমুদ
হাসান মাহমুদ |সংগৃহীত

কাউন্টিতে স্বপ্নের মতো অভিষেক হাসান মাহমুদের। প্রথম ম্যাচেই কেড়েছেন আলো, নিয়েছেন ৯ উইকেট। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে?

প্রথম ইনিংসে ৩২ রানে নেন ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। তার এমন বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তিন দিনেই ১৪০ রানে জিতেছে কেন্ট।

জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্যে খেলতে নামা ল্যাঙ্কাশায়ার ২৮২ রানে অলআউট হয়। এর আগে প্রথম ইনিংসে ১৭৮ রান করেছিল কেন্ট। বিপরীতে ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় ৮৫ রানেই।

লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাঙ্কাশায়ার শুরুতে প্রতিরোধ গড়ে তুললেও হাসানের আগ্রাসী বোলিং সেই আশা ভেঙে যায়। এক পর্যায়ে দলের ৭ উইকেটে ৬টিই ছিল হাসানের।

তখন তার সামনে ম্যাচে ১০ উইকেটের হাতছানি। তবে ওই ওভার দিয়েই স্পেল শেষ হয় তার। পরে আর নতুন স্পেলে আসার সুযোগ পাননি। সতীর্থরাই শেষ ৩ উইকেট নিয়ে নেন।

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার সেরা বোলিং রেকর্ড এবং প্রথমবারের মতো কোনো ইনিংসে ৬ উইকেট পাওয়ার কীর্তি। সেই সাথে এই ম্যাচে আরো একটি ব্যক্তিগত অর্জন স্পর্শ করেছেন হাসান।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৩৫ ম্যাচ শেষে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১০৪।

জয়ের পর কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড বাংলাদেশের এই পেসারের প্রশংসা করে বলেন, ‘হাসান বিশ্বমানের বোলিং করেছে। পুরো ম্যাচেই সে ভালো দক্ষতা ও গতি নিয়ে বোলিং করেছে। যখনই জুটি গড়ে উঠেছে, হাসান তখন ফিরে এসে উইকেট নিয়েছে।’

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান। সব মিলিয়ে কেন্টের হয়ে ছয়টি ম্যাচ খেলবেন।

এই দফায় অবশ্য আর একটি ম্যাচ খেলবেন হাসান। ক্যান্টারবুরিতে মিডলসেক্সের সাথে ম্যাচটি শুরু আগামী শুক্রবার। পরে আগামী সেপ্টেম্বরে গিয়ে আরো চারটি ম্যাচ তার খেলার কথা।