বাংলাদেশের লক্ষ্য ৫০০, গুরুদায়িত্ব মুশফিক-লিটনের উপর

মুমিনুল হক বলেন ‘সকালের এক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। উইকেট না হারিয়ে ওই সময়টা পার করতে পারলে ৪০০-৫০০ রান হতে পারে। বল নতুন আছে। উইকেটে এখনো অনেক কিছু হচ্ছে, তাই প্রথম এক ঘণ্টা ভালো খেলাটা জরুরি।’

নয়া দিগন্ত অনলাইন
ক্রিকেটার মুশফিক ও লিটন
ক্রিকেটার মুশফিক ও লিটন |সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম দিনে আধিপত্য ধরে রেখেছিল বাংলাদেশ। শুক্রবার (৮ মে) দিনভর ব্যাট করে ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে ৩০১ রান। সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত, ৯১ রান আসে মুমিনুল হকের ব্যাটে।

আজ শনিবার দ্বিতীয় দিনে তাই সেই ধারা ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ পাড়ি দিতে বড় দায়িত্ব মুশফিকুর রহিম ও লিটন দাসের কাঁধে। প্রথম দিনের শেষ বিকেলের মতো সকালটাও সামলাতে হবে দৃঢ়ভাবে।

আজ ৪৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন মুশফিকুর রহিম। তার সাথে আছেন লিটন দাস আছেন ৮ রান নিয়ে। স্বস্তির বিষয় হলো, পাকিস্তানের বিপক্ষে এই দুই ব্যাটারই ভালো খেলেন বরাবরই।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান মুশফিকেরই, ১৫ ইনিংসে করেছেন ৫৬৬ রান।

অন্যদিকে লিটন দাসের রান ৮ ইনিংসে ৪৮০। ব্যাটিং গড় ৬১, সেঞ্চুরি করেছেন দু’টি। তবে খানিকটা ভয়ের কারণ আছে, দ্বিতীয় নতুন বল এখনো বেশ তরতাজা। উইকেটে পেসারদের জন্য সহায়তা তো আছেই। দ্বিতীয় দিন সকালে তাই ঘুরে দাঁড়ানোর আশা ধরে রেখেছে পাকিস্তান।

তবে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হকের ধারণা, প্রথম ঘণ্টা নিরাপদে কাটিয়ে দিতে পারলে ৫০০ রানও করতে পারে তাদের দল।

তিনি বলেন ‘সকালের এক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। উইকেট না হারিয়ে ওই সময়টা পার করতে পারলে ৪০০-৫০০ রান হতে পারে। বল নতুন আছে। উইকেটে এখনো অনেক কিছু হচ্ছে, তাই প্রথম এক ঘণ্টা ভালো খেলাটা জরুরি।’