র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ উন্নতি জুয়াইরিয়ার

বিশ্বকাপে গত রোববার বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে জয়ের ম্যাচে মাত্র ৩২ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান জুয়াইরিয়া।

নয়া দিগন্ত অনলাইন
আইসিসি
আইসিসি |সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ৩৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌসের। এছাড়াও সাত ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ব্যাটার শারমিন আক্তারের।

মঙ্গলবার (১৬ জুন) নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপে গত রোববার বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে জয়ের ম্যাচে মাত্র ৩২ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান জুয়াইরিয়া।

৩৬ ধাপ এগিয়ে নামিবিয়ার ইয়াসমিন খানের সাথে যৌথভাবে ৯৭তম স্থানে আছেন জুয়াইরিয়া। তাদের রেটিং পয়েন্ট সমান ২৯৫।

সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠেছেন শারমিন। তার রেটিং ৪৯৬।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম বলে আউট হওয়ায় পাঁচ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার। ২৩তম স্থানে আছেন তিনি। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থান।

এদিকে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কারকে হটিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। বাসস