বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

এই সিরিজে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার। বড় পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সেই লক্ষ্যে আজ শনিবার চমকে ভরা দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই সিরিজে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার। বড় পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো সাবেক অধিনায়কে সরফরাজ আহমেদকে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

গত বছরের অক্টোবরের পর থেকেই পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদ ফাঁকা পড়ে আছে। মাঝে অন্তর্বর্তী কোচ হিসেবে আজহার মাহমুদ দায়িত্ব পালন করেন।

এছাড়া সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ব্যাটিং কোচ ও ওমর গুল বোলিং কোচ হিসেবে থাকবেন। গুঞ্জন থাকলেও অধিনায়ক হিসেবে টিকে গেছেন শান মাসুদ।

এদিকে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারা হলেন আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও গাজী ঘোরি। এদের মধ্যে শুধু ঘোরির আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।

জানা গেছে, ২ মে বাংলাদেশে আসবে পাকিস্তান দলের একাংশ। আর যাদের দল পিএসএল ফাইনালে উঠবে, তারা ৩ মে ফাইনালের পর সরাসরি বাংলাদেশে এসে যোগ দেবেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে ৮ মে থেকে ঢাকায় ও ১৬ মে থেকে সিলেটে।

পাকিস্তান টেস্ট স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।