রেকর্ড গড়া বোলিংয়ের পরও পা মাটিতেই নাহিদ রানার

এমন পারফর্মম্যান্সের পরে স্বাভাবিকভাবেই ম্যাচসেরাও হয়েছেন নাহিদ রানা। তবে এর পরও পা মাটিতেই তার। জানালেন নিজেকে ব্র্যান্ড মনে করেন না তিনি।

নয়া দিগন্ত অনলাইন
আজ ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা
আজ ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা |সংগৃহীত

অভিষেকেই আলোড়ন ফেলে দিয়েছিলেন নাহিদ রানা, হয়ে উঠেছিলেন দেশের ক্রিকেটের কেন্দ্রবিন্দু। দেশী-বিদেশী সংবাদমাধ্যমেও গতি ঝড়ে জায়গা করে নিয়েছিলেন।

তবে শুরুর সেই আলো ধরে রাখতে পারেননি নাহিদ রানা। সময়ের সাথে খানিকটা ম্লান হয়ে যান তিনি। তবে খারাপ সময়ে ভড়কে যাননি। ঘুরে দাঁড়িয়েছেন, নিজেকে ভেঙে ফের গড়েছেন।

যার সুফল মিলেছে আজ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বিস্ময় ছড়িয়েছেন এই পেসার। মাত্র ২৪ রানে ৫ উইকেট নিয়ে সফরকারীদের গুঁড়িয়ে দিয়েছেন নাহিদ রানা।

আগের ৫ ওয়ানডেতে যেখানে তার উইকেট ছিল সর্বসাকূল্যে পাঁচটি, সর্বোচ্চ ২ উইকেট পেয়েছিলেন অভিষেক ওয়ানডেতে। আর সেখানে আজ এক ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।

৫ উইকেট নেয়ার পথে দারুণ এক রেকর্ড গড়েছেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে এখন তিনিই বাংলাদেশের সেরা বোলার। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান।

এমন পারফর্মম্যান্সের পরে স্বাভাবিকভাবেই ম্যাচসেরাও হয়েছেন নাহিদ রানা। তবে এর পরও পা মাটিতেই তার। জানালেন নিজেকে ব্র্যান্ড মনে করেন না তিনি।

নাহিদ বলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি নিজেকে সাধারণ মানুষ মনে করি। ৫ উইকেট কাউকে ডেডিকেট করছি না।’

নাহিদ রানার সাথে আজ একাদশে ছিলেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এ ছাড়া শরিফুল ইসলাম, তানজিম সাকিব, হাসান মাহমুদরাও আছেন দলে জায়গা পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায়।

তবে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবেন না নাহিদ। বলেন, ‘আমরা হচ্ছি ভাই-ব্রাদার টাইপের, মাঠের ভেতর যেমন আমরা মজা করি, মাঠের বাইরেও। সবাই সবাইকে সব সময় কনফিডেন্স দেয়ার ট্রাই করে। এই বন্ডিংটা আমাদের মধ্যে খুবই ভালো।’

এদিকে নাহিদ রানার কারণেই যে আজ হেরে গেছে পাকিস্তান, তা স্পষ্ট করেছেন দলটার প্রধান কোচ মাইক হেসন। বলেন ‘উইকেট আজকে ভালো ছিল, ক্রেডিট নাহিদের।’ সে দারুণ বোলিং করেছে। তার গতির কাছেই পরাস্ত হয়েছে আমাদের ব্যাটাররা, সে প্রশংসার প্রাপ্য।’