ইনিংসের মেরুদণ্ড ভেঙে গেছে নিউজিল্যান্ডের। বেশ চাপে পড়েছে কিউইরা। ৩০ ওভারে ১২৪ রানেই পড়ে গেছে ৫ উইকেট। জয়ের জন্য ২০ ওভারে এখনো প্রয়োজন ১৪২ রান।
চতুর্থ ওভারেই প্রথম উইকেট এনে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। হেনরি নিকোলসকে (৪) ফেরান এই বাঁ-হাতি পেসার। তবে এরপর উইকেটের জন্য বাড়তে থাকে অপেক্ষা।
২৬৬ রানের লক্ষ্য তাড়ায় দেখেশুনে খেলতে থাকে নিউজিল্যান্ড। আর কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে তুলে ৩৩ রান। নিক কেলি ও উইল ইয়ং ধরেন কিউইদের হাল।
তবে জুটি বড় হতে দেননি নাহিদ রানা। ১৩.৩ ওভারে এসে থামা ইয়ংকে। ২৫ বলে ১৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫৪ রানে ২ উইকেট হারায় কিউইরা।
ইয়ং ফিরলে চারে নামেন টম লাথাম। কিন্তু কিউই অধিনায়ককে থিতু হতে দেননি মেহেদী মিরাজ। ১৩ বলে ৫ রান নিয়ে আউট হয়েছেন তিনি। ১৭ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬১/৩।
এরপর মোহাম্মদ আব্বাসকে নিয়ে ৪৭ রান যোগ করেন কেলি। এর মাঝেই ফিফটি তুলে নেন তিনি। তবে তার বিদায়েই ভাঙে জুটি, ৮০ বলে ৫৯ রান করে মোস্তাফিজের দ্বিতীয় শিকার হন তিনি।
এরপর দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আব্বাস। তবে ইনিংস বড় হয়নি, শরীফুলের বলে বোল্ড হয়ে ফেরেন ৩৬ বলে ২৫ রানে। তার বিদায়েই ম্যাচ থেকে অনেকটা ছিটকে গেছে কিউইরা।
এই মুহূর্তে তাদের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন ডিন ফক্সক্রফ্ট ও জশ ক্লার্কসন।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামে আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট স্বাগতিকেরা।
যেখানে নাজমুল হোসেন শান্তর ১০৫ ও লিটন দাসের ৭৬ রানে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ।



