নওগাঁ প্রতিনিধি ও মান্দা সংবাদদাতা
নওগাঁর মান্দায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে আব্দুর হামিদ (৬৪) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুর হামিদ ওই গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে।
আটককৃতরা হলেন- আলেফা বিবি (৫০), হায়দার আলী শাহ (৬০), আব্দুল মতিন (৪০) ও আপেল মাহমুদ (২৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে আব্দুর হামিদের সাথে হায়দার আলীর দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল এবং এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সকালে হায়দার আলী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি জবরদখল করে হালচাষ শুরু করেন। এ সময় আব্দুল হামিদ বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।



