বিদেশী পিস্তল ও গাঁজা উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানান, ভোর ৫টার দিকে বারাদী বিওপির একটি দল মেইন পিলার ৮১ থেকে ৫০০ গজ ভেতরে একটি আমবাগানে এই অভিযান চালায়। সেখানে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ৭.৬৫ মিলিমিটারের পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ সাত হাজার ২০০ টাকা। জব্দকৃত অস্ত্র ও মাদক দর্শনা থানায় জমা দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা থেকে প্রতিনিধি।
গ্রাম আদালত শক্তিশালীকরণে সভা
ঢাকার দোহার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলাম। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষকে স্বল্প খরচে ও দ্রুত সময়ে বিচার দিতে সরকার গ্রাম আদালত গঠন করেছে। এই ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। এতে স্থানীয় বিরোধ কমবে ও সামাজিক সম্প্রীতি বজায় থাকবে। তিনি সাংবাদিকদের এই কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহ্বান জানান। সভায় ভূমি কমিশনার তাসফিক সিবগাত উল্লাহ, থানার ওসি আবু বকর সিদ্দিক, মহিলাবিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকীসহ স্থানীয় এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা।
হোটেলের আড়ালে মাদক কারবার
নেত্রকোনার মদন পৌরসভায় খাবার হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে মো: হিরা মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে মদন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হিরা মিয়া কুলিয়াটি বড়বাড়ী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন বাজারের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে হিরা মিয়ার কাছ থেকে ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ‘তুরা সুইট অ্যান্ড ফুড’ নামক হোটেলের আড়ালে ইয়াবা বিক্রি করছিল। মদন থানার ওসি মো: সালাহ উদ্দীন করিম জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোনা জেলহাজতে পাঠানো হয়েছে। মদন (নেত্রকোনা) সংবাদদাতা।
ইউপি কর্মকর্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ
স্থানীয় সরকারব্যবস্থাকে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে নীলফামারীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাবসহকারীদের নিয়ে আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপপরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ। প্রধান অতিথি প্রশিক্ষণের অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান। দিনব্যাপী এই প্রশিক্ষণে অফিস ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম পরিচালনা, হিসাব সংরক্ষণ, সরকারি বিধি-বিধান অনুসরণ এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেয়া হয়। নীলফামারী প্রতিনিধি।



