নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ঢাকা বিভাগে, অন্য দু’জন সিলেট বিভাগে মারা গেছে।। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৯৭ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৩ শিশুর, আর উপসর্গ মিলেছে ৯০৪ শিশুর। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৪ শিশু, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৫৩ শিশু। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০৮ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ২০ হাজার ৩৫২ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৮৪১ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৫ হাজার ২৫৩ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ তিন হাজার ৭৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ৯৯ হাজার ২৯৪ জন।



