কক্সবাজার অফিস
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকের কক্সবাজার সফর ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা তদারকিতে গতকাল কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সকালে কক্সবাজার পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থল, জনসভা মঞ্চ, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আয়োজকদের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করেছে। প্রতিটি কর্মসূচি যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, জনসভা এবং সুধী সমাবেশে অংশগ্রহণের কথা রয়েছে। গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলা উদ্বোধন এবং চকরিয়ায় জনসভায় বক্তব্য প্রদান।
স্থানীয়দের মধ্যে এ সফর নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে কক্সবাজারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো আরো গতি পাবে এবং নতুন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ঘোষণা আসবে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরসূচির প্রতিটি স্থান ও অনুষ্ঠানস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



