ক্রীড়া ডেস্ক
জর্দান জাতীয় ফুটবল দলের ২০২৬ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ৩০ সদস্যের এই দলে নেতৃত্ব দিচ্ছেন তারকা ফরোয়ার্ড মুসা আল তামারি। তবে চোটের কারণে জায়গা হয়নি গুরুত্বপূর্ণ স্ট্রাইকার ইয়াজান আব্দুল্লাহর।
জর্দান ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল আনুষ্ঠানিকভাবে এই প্রাথমিক দল প্রকাশ করে। প্রধান কোচ জামাল সেলামীর অধীনে ঘোষিত স্কোয়াডে দীর্ঘদিন পর ফিরেছেন ইশান হাদ্দাদ, যিনি প্রায় এক বছর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন।
গত মৌসুমে ফরাসি ক্লাব স্টেড রেনাইসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আল তামারি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৭ গোল ও ১১টি অ্যাসিস্ট করার পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বেও জাতীয় দলের হয়ে ৭টি গোল করেন তিনি।
দলে নতুন মুখ হিসেবেও জায়গা পেয়েছেন কয়েকজন উদীয়মান ফুটবলার। তরুণ ফরোয়ার্ড আলি আজাইজেহ, ওদেহ ফাখৌরি এবং ইব্রাহিম সাবরা কোচের পরিকল্পনায় ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছেন।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডান দু’টি প্রীতিম্যাচ খেলবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার বিপক্ষে। এরপর তারা গ্রুপ ‘জে’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, আলজেরিয়া ও আর্জেন্টিার সাথে।
বিশ্বকাপের মূল পর্বের আগে এই স্কোয়াড থেকেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে জর্দান ফুটবল কর্তৃপক্ষ।



