পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে তিনি মাথা ও দুই পায়ে গুরুতর আহত হন। পরিবারের দাবি, সংবাদ প্রকাশের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
গত শুক্রবার রাত প্রায় ১১টার দিকে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের হোটেল সৈকত-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে প্রথমে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী কাওসার হাওলাদার জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি বাচ্চুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেয়া হয়।
কুয়াকাটা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: বাতেন বলেন, আহতের মাথা ও দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়েছে। আহত সাংবাদিকের পরিবারের অভিযোগ, কুয়াকাটা পৌর ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী এ হামলার সাথে জড়িত। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নারী-সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবাদ এবং সরকারি জমির গাছ কাটার অভিযোগে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে তাকে বিভিন্ন সময় হুমকি দেয়া হয়েছিল।
অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ ও পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো: ফারুক পৃথক প্রতিক্রিয়ায় বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



