লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী হত্যা মামলায় প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ জানুয়ারি রাতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসা থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে রিফাত হাসান পাটগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
রায়ে আদালত উল্লেখ করেন, দণ্ডবিধির ৩০২/৩৪১ ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ৩৪১ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী সাজা একসাথে কার্যকর হবে। রায়ে আরো বলা হয়, হাইকোর্ট বিভাগের অনুমোদনসাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর হবে। পাশাপাশি পলাতক আসামি আত্মসমর্পণ বা গ্রেফতারের পর থেকে দণ্ড কার্যকর হবে।



