ট্রাইব্যুনালে নতুন আদেশ সাবেক আইজিপি কমিশনারদের বিরুদ্ধে

শহীদুল-আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের অনুমতি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

  • জুলাই গণ-অভ্যুত্থানের বিচার
  • মানবতাবিরোধী অপরাধ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পৃথক দু’টি বেঞ্চে গতকাল রোববার জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড, টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতন এবং সাবেক ছাত্রদল নেতাকে ‘ক্রসফায়ারে’ হত্যার মামলার গুরুত্বপূর্ণ আদেশ ও সিদ্ধান্ত হয়েছে। ট্রাইব্যুনাল সাবেক সিএমপি কমিশনারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ নির্ধারণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২২ জুন ধার্য এবং সাবেক আইজিপি শহীদুল হকসহ দুই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। রোববার সকালে কড়া নিরাপত্তায় কারাবন্দী সাবেক পুলিশ কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সাইফুল ইসলামের তদন্তে আরো ২ মাস সময় : জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে যুবদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। গতকাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। শুনানিতে প্রসিকিউটর মামুনুর রশিদ জানান, এই হত্যাকাণ্ডে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক এমপি ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হলেও সাবেক সিএমপি কমিশনারের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান। তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে আদালত প্রতিবেদন জমার জন্য আরো দুই মাস সময় মঞ্জুর করেন। গত বছরের ৩০ অক্টোবর এ মামলায় গ্রেফতার হওয়া সাইফুল ইসলামকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

টিএফআই সেলে গুম মামলার সাক্ষ্যগ্রহণ ২২ জুন পর্যন্ত মুলতবি : রথ্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে নির্ধারিত সাক্ষ্যগ্রহণ আবারো পিছিয়ে গেছে। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান শুনানিতে বলেন, মূল আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যু এবং অন্য আইনজীবীর অসুস্থতার কারণে নতুন আইনজীবী নিয়োগে দীর্ঘ সময় প্রয়োজন। অন্য দিকে, প্রসিকিউটর শাইখ মাহদী গতকাল রোববার পঞ্চম সাক্ষীর উপস্থিত থাকার কথা জানিয়ে স্বল্প সময়ের ব্যবধানে শুনানির আবেদন করেন। বিচারিক প্যানেল উভয়পক্ষের শুনানি শেষে ২২ জুন নতুন তারিখ নির্ধারণ করেন। এই মামলায় এখন পর্যন্ত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানসহ চারজন জবানবন্দী দিয়েছেন। মামলার ১৭ আসামির মধ্যে রথ্যাবের সাবেক ঊর্ধ্বতন ১০ কর্মকর্তা বর্তমানে ঢাকা সেনানিবাসের সাব-জেলে আছেন এবং শেখ হাসিনাসহ সাতজন পলাতক রয়েছেন।

শহীদুল হক ও আসাদুজ্জামান মিয়াকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল-২। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন এবং মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেন। প্রসিকিউটর ফারুক আহম্মেদ মামলার অগ্রগতি তুলে ধরে জিজ্ঞাসাবাদের এই আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনিকে তুলে নিয়ে যাওয়ার পর ওই রাতেই খিলগঁাঁও খেলার মাঠে ক্রসফায়ারের নামে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।