মাদারগঞ্জে ফের যমুনার ভাঙন, হুমকিতে বসতভিটা ও আবাদি জমি

Printed Edition

মাদারগঞ্জ ( জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাকরুলসহ যমুনা নদী সংলগ্ন বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সমন্বয়হীন ও পরিকল্পনাহীনভাবে কাজ করায় নদীর উজান এলাকায় নতুন করে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে কৃষকের ফসলি জমি, বসতভিটা ও গ্রামীণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী কাটমা এলাকায় যমুনা নদীর উজান অংশে জিও ব্যাগ না ফেলে ভাটি এলাকা থেকে কাজ শুরু করা হয়। ফলে নদীর তীব্র স্রোত উজানের দিকে চাপ সৃষ্টি করছে এবং প্রতিনিয়ত নতুন নতুন স্থানে ভাঙন দেখা দিচ্ছে।

এলাকাবাসী জানান, প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে আবাদি জমি। অনেক পরিবার বাড়িঘর হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে। দীর্ঘদিন ধরে স্থায়ী নদীশাসনের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় পাকরুল গ্রামসহ আশপাশের এলাকার মানুষ চরম উদ্বেগে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভাটিতে জিও ব্যাগ ফেলা হলেও উজানের ভাঙন অব্যাহত থাকায় ইতোমধ্যে অনেক জিও ব্যাগ নদীতে তলিয়ে গেছে। এতে এক দিকে নদীভাঙন রোধ করা যাচ্ছে না, অন্য দিকে সরকারের বিপুল অর্থ অপচয় হচ্ছে বলেও দাবি করেন তারা। ভুক্তভোগীরা দ্রুত স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন এবং উজান থেকে সমন্বিতভাবে জিও ব্যাগ ফেলার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।