ক্রীড়া প্রতিবেদক
১১ বছর পর নতুন করে শুরু হওয়া প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের সমাপনি আজ। প্রতিযোগিতার দৌড়ে টিকে আছে অ্যালোরা শাটলার অ্যাকাডেমি, ঢাকা গ্ল্যাডিয়েটস, নিট কনসার্ন ও গুলশান স্পোর্টিং ক্লাব। শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে আজ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের পর নির্ধারণ হয়ে যাবে কোন দল হচ্ছে চ্যাম্পিয়ন। বিকেল ৫টায় সমাপনীতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দিবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ইশরাক হোসেন এমপি।
গতকাল সহজ জয় পেয়েছে নিট কনসার্ন ও গুলশান স্পোর্টিং ক্লাব। নিট কনসার্ন ৫-০-তে হারিয়েছে ভাস্তিকা স্পোর্টসকে এবং গুলশান ৫-০ তে হারায় ইউরোপা স্পোটর্সকে। মোট চারটি ওয়াকওভার হয়েছে গতকাল। পুরুষ ও নারী দ্বৈতে নিট কনসার্নকে ওয়াকওভার দিয়েছে ভাস্তিকা স্পোর্টস। এদিকে নারী একক ও দ্বৈতে গুলশানকে ওয়াকওভার দিয়েছে ইউরোপা ইয়ুথ ক্লাব।
পুরুষ এককে নিট কনসার্নের শৈচিং মং মারমা ২১-১০, ২১-১৯ পয়েন্টে ভাস্তিকার তানজিল হোসেন নাঈমকে, নারী এককে রেহানা আক্তার ২১-১২, ২১-৯ পয়েন্টে ইসমত আরাকে, মিশ্র দ্বৈতে আশফাক+ভেনোশা জুটি ২১-১৭, ২১-১৮ পয়েন্টে ভাস্তিকার আব্দুর রহিম+ফারজানা জুটিকে হারায়।
অন্য দিকে পুরুষ এককে গুলশানের মোস্তাকিম ২১-১৪, ২১-১৩ পয়েন্টে ইউরোপার লিপটনকে, পুরুষ দ্বৈতে গৌরব+জুমার জুটি ২১-৭, ২১-১৪ পয়েন্টে লিপটন+মুক্তার জুটিকে, মিশ্র দ্বৈতে তানভির+উর্মি জুটি ২১-৮, ২১-৯ পয়েন্টে মুক্তার লাবিবা জুটিকে হারায়।



