কাউখালীতে কর্মচারী সঙ্কটে ব্যাহত শিক্ষা কার্যক্রম নিরাপত্তা ঝুঁকিতে বিদ্যালয়

ইজিএস শিক্ষা নিকেতনে দ্রুত পদ পূরণের দাবি

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ইজিএস শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চতুর্থ শ্রেণীর কর্মচারী সঙ্কটের কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও প্রশাসনিক নানা কাজে ভোগান্তির মুখে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নৈশপ্রহরীসহ পাঁচটি চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ থাকলেও ২০২৩ সালের পর থেকে কোনো স্থায়ী কর্মচারী কর্মরত নেই। বর্তমানে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে একজন চুক্তিভিত্তিক কর্মচারীর মাধ্যমে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কর্মচারীর অভাবে শ্রেণিকক্ষ ও বাথরুম পরিষ্কার রাখা, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, ঘণ্টা বাজানো, দরজা-জানালা খোলা-বন্ধ এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। নৈশ প্রহরী না থাকায় বিদ্যালয়ে একাধিকবার চুরি ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। দুর্বৃত্তরা সিসি ক্যামেরা, দরজা-জানালাসহ বিভিন্ন শিক্ষা উপকরণের ক্ষতি করেছে।

এ ছাড়া বিদ্যালয়টিতে সহকারী প্রধান শিক্ষকসহ তিনটি শিক্ষক পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে প্রায় ২৫০ শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধান শিক্ষক তানভীর আহমেদ বলেন, কর্মচারী না থাকায় শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, যা পাঠদান কার্যক্রমে প্রভাব ফেলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, সরকারি বিধিনিষেধের কারণে নতুন নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে শূন্য পদগুলো পূরণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত কর্মচারী ও শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।