নয়া দিগন্ত ডেস্ক
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে রাজ্যে প্রথমবার কোনো বিজেপি নেতার নেতৃত্বে সরকার গঠিত হতে যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। অন্য দিকে তামিলনাড়–তে দায়িত্বভার নিচ্ছেন থালাপতি বিজয়।
পশ্চিমবঙ্গ রাজ্যে কয়েক দশকের চেষ্টায় বাম ও আঞ্চলিক শক্তিকে হটিয়ে বিজেপির এই উত্থানকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ২৯৪ সদস্যের বিধানসভায় ২৯৩টি আসনে লড়ে ২০৭টিতে বিশাল জয় পাওয়ার কয়েক দিন পরই এই ঘোষণা দেয়া হলো। খবর ইন্ডিয়া টুডের।
এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় চমক দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপদ দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রে তাকে পরাজিত করে। এ ছাড়া তিনি নিজের রাজনৈতিক ঘাঁটি নন্দীগ্রাম আসনটিও ধরে রেখেছেন। ২০০৭ সালের ভূমি রক্ষা আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক প্রভাব তিনি তৈরি করেছিলেন, এই জয়ের মাধ্যমে তা আরো সুসংহত হলো।
নন্দীগ্রামে এক সভায় শুভেন্দু জানিয়েছিলেন, ১০ দিনের মধ্যে তিনি দু’টি আসনের একটি ছেড়ে দেবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। নন্দীগ্রামকে নিজের রাজনৈতিক দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষের প্রতি আমার যে দায়িত্ব, তা আমি ভুলে যাব না।’
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান পশ্চিমবঙ্গের বদলে যাওয়া রাজনীতিরই এক প্রতিচ্ছবি। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুভেন্দু ২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটাতে নন্দীগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তার দলবদল বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করে, যা শেষ পর্যন্ত বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো।
নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
দীর্ঘ চার দিনের চরম নাটকীয়তা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সুপারস্টার বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার পর গতকাল শুক্রবার বিকেলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজয়ের দল তামিলগা ভেট্টি কাঝাগম (টিভেকে)।
দলীয় সূত্রের খবর অনুযায়ী, বামপন্থী দল এবং ভিসিকের সমর্থন পাওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা রইল না। সন্ধ্যা ৬টা নাগাদ রাজ্যপাল আর ভি আরলেকারের সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানানোর কথা এই অভিনেতা-রাজনীতিবিদের।
এনডিটিভি জানায়, গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে রেকর্ড গড়েছিল বিজয়ের দল।



