মহাসড়কে ফুলের বাগান চান এলাকাবাসী

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝের খালি জায়গায় নির্মাণাধীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) অন্যত্র সরিয়ে সেখানে সুসজ্জিত ফুলের বাগান গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সাথে টঙ্গীর কুখ্যাত মাদকস্পট হাজী মাজার বস্তি উচ্ছেদ করে সেখানে স্থায়ীভাবে ময়লার ভাগাড় নির্মাণের দাবি তুলেছেন তারা।

গতকাল সকালে চেরাগআলী এলাকায় এসটিএস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেন বিভিন্ন শিল্পকারখানার মালিক-শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন টঙ্গীর কুখ্যাত মাদকস্পট হাজী মাজার বস্তি উচ্ছেদ করে সেখানে স্থায়ীভাবে ময়লার ভাগাড় নির্মাণ করা হলে বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। এ ছাড়া কোনো প্রকল্প নেয়ার আগে শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনা করারও দাবি জানান তারা।

এ বিষয়ে (গাসিক) প্রশাসক মো: শওকত হোসেন সরকার বলেন, এসটিএস স্থায়ীভাবে ময়লা রাখার জায়গা নয়। নগরীর বিভিন্ন স্থান থেকে সংগৃহীত বর্জ্য এখানে সাময়িকভাবে স্থানান্তর করা হবে। এরপর দ্রুত তা নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে। এখানে দীর্ঘদিন ময়লা জমিয়ে রাখার কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, এসটিএসটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে আশপাশের এলাকা বা শিল্পকারখানায় কোনো বিরূপ প্রভাব না পড়ে। দুর্গন্ধ ছড়ানোরও কোনো সুযোগ থাকবে না। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি অনুসরণ করে কেন্দ্রটি পরিচালনা করা হবে।