সৈয়দপুরে মাদরাসার দফতরি মুহুরির কাজ করেন কোর্টে

Printed Edition

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলী সরকারপাড়া দাখিল মাদরাসার এক দফতরির বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থেকে জেলা জজকোর্টে মুহুরির কাজ করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠান প্রধানের প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে এ অনিয়ম চলে আসছে।

গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মাদরাসার দফতরি রবিউল ইসলাম সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে জাতীয় পতাকা উত্তোলনের পর নীলফামারী জজকোর্টে চলে যান। সেখানে মুহুরির কাজ শেষে মাদরাসা ছুটির আগে আবার ফিরে আসেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এভাবে সরকারি দায়িত্বে অবহেলা করলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। এমনকি দফতরির অনুপস্থিতিতে ঘণ্টা বাজানোর মতো দায়িত্বও কখনো কখনো শিক্ষকদের পালন করতে হয়। তবে অভিযোগ অস্বীকার করে মাদরাসার সুপারিনটেনডেন্ট মোশাররফ হোসেন বলেন, সংশ্লিষ্ট দফতরি সেদিন পারিবারিক কারণে আদালতে যাওয়ার জন্য ছুটি নিয়েছিলেন। তিনি নিয়মিত আদালতে গিয়ে মুহুরির কাজ করেন- এমন অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

অভিযুক্ত রবিউল ইসলাম দাবি করেন, পারিবারিক জমিসংক্রান্ত কাজে আদালতে গিয়েছিলেন এবং আগে থেকেই সুপারিনটেনডেন্টের অনুমতি নিয়েছিলেন।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ তার কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।