বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি ইরান-নিউজিল্যান্ড

Printed Edition
বিভিন্ন প্রতিকূলতা পেরিয়েও প্র্যাকটিসে প্রাণাবন্ত ইরানি ফুটবলাররা  : ইন্টারনেট
বিভিন্ন প্রতিকূলতা পেরিয়েও প্র্যাকটিসে প্রাণাবন্ত ইরানি ফুটবলাররা : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ ‘জি’তে আজ সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইরান। বিশ্ব মঞ্চে গ্রুপ পর্ব কখনোই পেরোতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি। টানা চতুর্থবার আর বিশ্ব মঞ্চে সপ্তমবার অংশগ্রহণের আগে নতুন মাইলফলক গড়ার লক্ষ্য যুদ্ধবিধ্বস্ত দেশটির। তবে তাদের উচ্চাকাক্সক্ষায় লেগেছে বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক বিরোধের কারণে টিম মেলিকে গ্রুপ পর্বের সব ম্যাচের জন্য ম্যাচডেতেই যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং একই দিনে সেখান থেকে চলে আসার মতো লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। যা আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে।

এ পরিস্থিতিতে আমির গালেনোইয়ের দল কিভাবে মানিয়ে নেয় তা দেখার বিষয়। তবে বিশ্বমঞ্চে আসার আগে টানা তিনটি ম্যাচ জিতে দারুণ ফর্মে থেকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইরান। এই জয়যাত্রার মধ্যে রয়েছে কোস্টারিকা (৫-০) ও মালির বিপক্ষে জয় (২-০)। গাম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলের একটি সাফল্য। ২০১৮ ও ২০২২ সালে একটি করে জয় পেলেও ইরানের এবারের লক্ষ্য উত্তর আমেরিকায় রাউন্ড অফ ৩২-এ পৌঁছানো।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে চোটজনিত সমস্যায় ভুগছে ইরান। না খেলার সম্ভাবনা রয়েছে আলিরেজা জাহানবখশ, ডেনিস একার্ট ও মেহেদি তোরাবির। অনিশ্চয়তা থাকা সত্ত্বেও মাঠে নামছেন তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি। দেশটির হয়ে এখন পর্যন্ত ১০৫ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬০টি গোল করেছেন তিনি। তাকে সঙ্গ দিতে আছেন মোহাম্মদ মোহেবি, মেহেদি ঘায়েদি।

অন্য দিকে ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপের মূল মঞ্চে ছিল না নিউজিল্যান্ড। ১২ বছর পর এই বিশ্ব আসরে ফিরছে নিউজিল্যান্ড। ড্যারেন বেজেলির দল বিশ্বের ২০ নম্বর র‌্যাংকিংয়ে থাকা ইরানকে চমকে দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অল হোয়াইটস প্রতিপক্ষের চেয়ে ৬৫ ধাপ নিচে। দ্বীপরাষ্ট্রটি তাদের এশীয় প্রতিপক্ষের লজিস্টিক প্রতিবন্ধকতার সুযোগ নেয়ার আশা করবে। তবে নিজেদের তৃতীয় বিশ্বকাপ আসরে খেলতে নামার আগে ওশেনিয়ার দলটি সেরা ফর্মে নেই। কারণ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নিশ্চিত করার পর অল হোয়াইটসরা মাত্র দু’টি জয় পেয়েছে। আর এই দু’টি জয়ের মধ্যে প্রায় এক বছরের ব্যবধান। গত বছর জুনে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর মার্চে চিলির বিপক্ষে ৪-১ গোলের জয়। আর সব মিলে ১১ ম্যাচে ৯টি হার। ফলে বিশ্ব মঞ্চে তাদের তৃতীয়বারের উপস্থিতির জন্য এটি মোটেও আদর্শ প্রস্তুতি নয়। তার পরও অল হোয়াইটসরা উত্তর আমেরিকায় মোড় ঘোরাতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

অল হোয়াইটসের হয়ে আন্তর্জাতিক ম্যাচে কেবল কোস্টা বারবারুসেস (১০) দুই অঙ্কের গোল করেছেন। পোর্ট ভেলের বেন ওয়েনের জাতীয় দলের হয়ে ১০ গোল করতে আর একটি গোল প্রয়োজন। ওশেনিয়া অঞ্চলের দলটির প্রথম ম্যাচে না পাওয়ার সম্ভামনা রয়েছে রায়ান থমাসকে।

আন্তর্জাতিক ফুটবলে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে ইরান। সামনাসামনি লড়াইয়ে অপরাজিত মধ্যপ্রাচ্যের দেশটি। ঐতিহাসিক লড়াইয়ে ১৯৭৩ সালের আগস্টে অকল্যান্ডে প্রীতিম্যাচে ০-০ গোলে ড্র করেছিল দুই দল। আর ২০০৩ সালের অক্টোবরে তেহরানে দ্বিতীয় দেখায় ব্ল্যাক ক্যাপসদের ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইরান। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিযোগিতামূলক ম্যাচে নামবে দুই দল।