উত্তরা পূর্ব থানায় কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে ‘কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার বাদ মাগরিব উত্তরার এক অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা আমির ও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আতিকুর রহমান।

প্রধান অতিথি ছিলেন নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনের মূলভিত্তি। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি ছিলেন উত্তরা পশ্চিম জোন পরিচালক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনের গোলাম মোস্তফা, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাহবুবুল আলম মুকুল, অধ্যক্ষ আশরাফুল হক, ১ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল এবং থানা নায়েবে আমির সুলতান আহমেদ।

এ ছাড়াও থানা, ওয়ার্ড ও বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজানে আয়োজিত কুরআন অধ্যয়ন প্রতিযোগিতায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা কুরআনের শিক্ষা ব্যক্তিজীবনে ধারণ, সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।