রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যায় ১৯ জনকে আসামি করে মামলা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

উত্তর চট্টগ্রামে রাউজানের পাহাড়তলীতে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) খুনের ঘটনায় ১৯ জনকে আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহতের বড় ভাই ও রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পেয়ারুল হক চৌধুরী স্বপন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরো সাত-আটজনকে আসামি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) এএসপি মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এজাহারে ১১ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা আরো সাত-আটজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এর আগে দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

গত শনিবার দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মাসুদুল হক চৌধুরীকে। ঘটনার সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশায় এসে পাঁচ-ছয়জন সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে খুব কাছে থেকে গুলি চালায়।