নয়া দিগন্ত ডেস্ক
দিনাজপুর ও ফেনী সীমান্তে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও গ্রামবাসীরা।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে বিরামপুর সীমান্তে ৯ ভারতীয়কে বিএসএফ পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীরা। গতকাল শনিবার ভোর ৪টার দিকে খিয়ার মাহমুদপুর সীমান্তের ২৯ হাজার ১২০-এস বাংলা পিলারের সন্নিকটে বিএসএফ সদস্যরা আটজন নারী এবং একজন হিজড়াকে সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করার চেষ্টা চালায়।
বিজিবি ও গ্রামবাসীরা এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরের দিকে ৯ জন ভারতীয়কে একটি সীমান্ত লাগোয়া বাঁশ ঝাড়ের নিচে লুকিয়ে রাখে। তবে বিজিবির সতর্ক অবস্থান এবং আনসার ও স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় সে চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। এ সময় শতাধিক গ্রামবাসী লাঠিসোটা হাতে নিয়ে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকে। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও সার্বভৌমত্ব অক্ষুণœ রাখতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে জনগণের এই ঐক্য প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
ফেনী অফিস জানায়, ফেনী সীমান্তে সাতজন অবৈধ অনুপ্রবেশকারীকে ঠেকিয়েছে বিজিবি। গতকাল ভোরে পরশুরামের শ্রীপুরে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয় নারী ও এক শিশুকে তাৎক্ষণিক টহলরত বিজিবি প্রতিহত করে।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৪ টায় ৪ বিজিবি ফেনীর শ্রীপুর সীমান্তে ছয় জন নারী ও একজন শিশুসহ মোট সাতজনকে জোরপূর্বক ঠেলে চেষ্টা করলে শূন্য লাইনের কাছে তাদের শনাক্ত করে প্রতিহত করে।
এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ প্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে তৎপরতা অব্যাহত রেখেছে।’



