বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

Printed Edition

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর এ কর্মসূচির আয়োজন করে। এতে ইয়েস ও এসিজি দল সার্বিক সহযোগিতা করেন।

সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর ইউএনও জুবায়ের হোসেন। তিনি বলেন, প্রকৃতির বর্তমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষই দায়ী। আমরা পরিবেশের প্রতি যথেষ্ট সচেতন নই। সর্বস্তরের জনগণ সচেতন না হলে ভবিষ্যতে ঋতুগুলোর স্বাভাবিক সৌন্দর্য আর ফিরে পাওয়া যাবে না। এ সময় তিনি টিআইবিসহ সব সামাজিক সংগঠনকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় টিআইবির পক্ষ থেকে ১২ দফা দাবি সংবলিত একটি ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম। মানববন্ধনে সনাক, ইয়েস ও এসিজির সদস্য ছাড়াও কারিতাসের কর্মকর্তা, মধুপুর শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সভা শেষে বিশ্বব্যাপী পরিবেশ দূষণ রোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।