সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

প্রতিপক্ষের হামলায় নিহত ১

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলে ঘাস খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। সোমবার রাত ৯টার দিকে ঝাঝিড়া বাঙ্গালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিকের ছেলে মুন্না চৌধুরী জানান, গত সোমবার সকালে তার বড় বাবা বুলুন চৌধুরীর ছাগল তালুচ পশ্চিমপাড়ার ফিরোজ হোসেন কাকরুলের চাষ করা ঘাসের জমিতে প্রবেশ করে ঘাস খায়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। মীমাংসার বিষয়টি কাকরুলের পছন্দ না হওয়ায় রাতে তার বাবা ঝাঝিড়া বাঙ্গালী বাজারে আসলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তার বাবা মানিককে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া অফিস ও দুপচাঁচিয়া সংবাদদাতা।

মাগুরায় ডুবে ২ শিশুর মৃত্যু

মাগুরা সদরের বজ্রুক শ্রীকুন্ঠি বালিয়াডাঙ্গা এলাকায় ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো বালিয়াডাঙ্গা গ্রামের মো: লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই এলাকার মো: জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই শিশু। সকাল ১০টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে শিশু দু’টির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা ডোবায় নেমে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর ডোবার পানির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। মাগুরা প্রতিনিধি।

গ্রাম আদালতের সমন্বয় সভা

নেত্রকোনার খালিয়াজুরীতে স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের স্থানীয় অংশীজনদের সাথে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয় । খালিয়াজুরী উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আরিফ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে স্বল্প সময়ে ও স্বল্প খরচে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচার-প্রচারণামূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা।

কটিয়াদীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখেঁঁাঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদী-কিশোরগঞ্জ সড়কের পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো: জিল্লুর রহমান (৪০)। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ঘটনার পরপরই কটিয়াদী সার্কেল এসপি মো: তোফাজ্জল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

স্পিড বোট চালকের কাছে চাঁদা দাবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফুলতলী বিচ এলাকায় পর্যটকবাহী স্পিড বোট চালকের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী স্পিড বোট চালক মো: ইমরান হোসেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পারকি বিচ ও ফুলতলী বিচ এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ‘পর্যটক স্পিড বোট’ চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি ফুলতলী বিচ এলাকায় স্পিড বোট পরিচালনার সময় আবরার নামের এক ব্যক্তি তার কাছে প্রতিদিন ৫০০ টাকা অথবা মাসিক ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। ইমরান হোসেন অভিযোগ করেন, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আবরার ও বক্কর নামের দুই ব্যক্তি তার স্পিড বোটের সিঁড়ি নিয়ে যান এবং তাকে মারধরের চেষ্টা করেন। একই সাথে চাঁদা না দিলে স্পিড বোট চলতে দেয়া হবে না বলেও হুমকি তাকে দেয়া হয়। আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা।

গলাচিপায় কৃষকের ৮টি গরু চুরি

গলাচিপায় একটি সঙ্ঘবদ্ধ চোরের দল বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে একই রাতে দ্ইু কৃষকের আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামে গত সোবাবার রাতে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় এলাকায় কৃষকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে কোটখালীর ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মজিবুর রহমান জানান। জানা গেছে, গলাচিপা উপজেলার কোটখালী গ্রামের ৫ নং ওয়ার্ডের আ: লতিফ হাং পুত্র মোজ্জাম্মেল হাং আটটি গরু লালনপালন করে। সোমবার চোরের দল পাঁচটি গরু গভীর রাতে নিয়ে যায়। অপর দিকে, একই গ্রামে নিতাই চন্দ্রের শীলের পুত্র দিপঙ্কর চন্দ্র শীলের তিনটি গরু চুরি করে নিয়ে যায়। অথচ তার গরুই ছিল তিনটি। ভোর রাতে দেখে তাদের ঘোয়াল ঘরে কোনো গরু নাই। স্থানীয়দের ধারণা তাদের বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। এক মাস আগে একই এলাকার হুমায়ুন কবিরের ছয়টি গরু চুরি হয়েছিল। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।

ঝিকরগাছায় ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই স্লোগানে সারা দেশের ন্যায় ঝিকরগাছায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ইউএনও সাফফাত আরা সাঈদ। পরে ভূমি অফিস চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: অলিয়ার রহমান, প্রেস ক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, ঝিকরগাছা পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: সবুজ হোসেন। ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।

ফুলছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা সভা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং চরাঞ্চলের ঝুঁঁকিপূর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং কমিটির সদস্যরা অংশ নেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, এসকেএস সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন, প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মণ্ডল, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, এরেন্ডাবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ। ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা।