সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিলুপ্তপ্রায় বন্য প্রাণী তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার চেকপোস্ট এলাকা থেকে তক্ষকসহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈলের ছেলে মো: খায়রুল ইসলাম (৪৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।
এ ঘটনায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী আইনে তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক চট্টগ্রাম জেলার লালমাই পাহাড় থেকে ধরে বাসে করে ঢাকায় পাচার করা হচ্ছিল। উদ্ধার করা তক্ষকটি পরবর্তী কার্যক্রমের জন্য বন কর্মকতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযানে আরো উপস্থিত ছিলেন বন বিভাগ সোনারগাঁও জোনের অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা।



