বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বুধবার। এ দিকে, উচ্চ আদালতের আদেশের পরও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ডেস্কেই পড়ে আছে। ইসির সংশ্লিষ্টরা বলছেন, আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আদেশের অপেক্ষায় আছেন তারা। ইসি কমিশনার ও কর্মকর্তারা বলছেন, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রটি তাদের কাছে আছে। তারা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হাইকোর্টের নির্দেশ লিখিতভাবে পাওয়ার অপেক্ষায় আছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ছিল ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। সেদিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর ইসির কাছে মনোনয়নপত্র জমা দেন নুসরাত। ইসি কর্মকর্তারা জানান, নুসরাত ইসির ডেসপাস শাখায় মনোনয়নপত্র জমা দেয়ায় তা গ্রহণ করা হয়নি, নথিজাত করে রাখা ছিল।



