নয়া দিগন্ত ডেস্ক
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একজন রিয়েল এস্টেট এজেন্ট তাদের একটি জমি দেখতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অস্বাভাবিক প্রাণী দেখতে পান। তিনি প্রাণীটিকে দেখে বিস্মিত হয়ে যান। সাধারণত এ ধরনের প্রাণী যুক্তরাষ্ট্রে দেখা যায় না। খোলা রাস্তায়তো নয়ই। তিনি সাথে তার ছবি তুলে নেন। এটি ছিল একটি বিশাল আফ্রিকান এলান্ড হরিণ।
টিনা ম্যাকনাইট রিস্ট বলেছেন, তিনি প্লেইন ডিলিং-এ গাড়ি চালানোর সময় ঘুরে বেড়ানো একদল গরুর মধ্যে অপ্রত্যাশিত প্রাণীটিকে দেখতে পান।
প্রাণীটিকে প্রথমে একটি ব্রাহমা ষাঁড় বলে মনে করেছিলেন তিনি। পরে ছবি দেখে নিশ্চিত হন যে সেটি আসলে আফ্রিকান এলান্ড। প্রাণীটি অনেক বড় ছিল। এগুলো সচরাচর এক হাজার ১০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।
রিস্ট কেটিবিএস-টিভিকে বলেন, সে বেরিয়ে এসে রাস্তা পার হতে শুরু করলে আমি গাড়ি থামিয়ে তার দিকে বিস্ময়ে তাকিয়ে ছিলাম। তার আচরণে আমাকে দেখে ভয় পাওয়ার কোনো চিহ্নই ছিল না। সে বরং শান্ত এবং বিভ্রান্ত ছিল, যেন ভাবছে, ‘আমার কী করার কথা? আমার কোথায় যাওয়ার কথা? এই জঙ্গলের অংশে তো তোমার থাকার কথা না।’
হরিণটির উৎস একটি রহস্য, তবে কিছু বাসিন্দা ধারণা করছেন যে এটি স্প্রিংহিল এলাকার একটি গেম পার্ক থেকে পালিয়ে এসেছে। স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে যে, এলান্ডটি এখনো পলাতক রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।



