খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় চাঁদার জন্য পিলাক খাল পুনঃখনন কর্মসূচির এক্সক্যাভেটরসহ যন্ত্রপাতি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পতাছড়া বিহার এলাকায় খনন কাজে নিয়োজিত শ্রমিক ও স্থানীয়রা এক্সক্যাভেটরটি পোড়া অবস্থায় দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন। গুইমারা ইউএনও মিশকাতুল তামান্না ও পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেন।
জানা যায়, দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির আওতায় গত ২৮ এপ্রিল ৫ কিলোমিটার দীর্ঘ পিলাক খাল পুনঃখনন এবং ৪ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ তৈইমাতাই খাল পুনঃখননের কাজ শুরু করা হয়। এরই মধ্যে খালের বেশ কিছু অংশে খননের কাজ শেষ হয়েছে। এ দিকে চলতি মাসের শুরু থেকে পাহাড়ের আঞ্চলিক দলে ইউপিডিএফ চাঁদা দাবি করতে থাকে। চাঁদা না পেয়ে একপর্যায়ে খাল খনন কার্যক্রম বন্ধ রাখাতে প্রকল্পের লেবার সর্দারদের ডেকে নিয়ে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানো অভিযোগ উঠে ইউপিডিএফের বিরুদ্ধে।
অপর দিকে চাঁদার জন্য খাল খনন কর্মসূচিতে বাধাদান ও যন্ত্রপাতি পুড়িয়ে দেয়ার অভিযোগ অস্বীকার করে এটি তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন ইউপিডিএফের স্থানীয় সংগঠক দুর্জয় চাকমা। গুইমারা থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, এক্সক্যাভেটরটি সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়েছে। প্রশাসনিকভাবে অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গুইমারা ইউএনও মিশকাতুল তামান্না এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।



