হত্যা মামলার আসামির নেতৃত্বে সশস্ত্র হামলা গুলিবিদ্ধ ২

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় এক সৌদি প্রবাসীর বাড়িতে মধ্যরাতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে সৌদি প্রবাসী রফিকুল ইসলাম এবং তার ১২ বছর বয়সী ছেলে রিয়ান ছৈয়াল গুরুতর আহত হয়েছে। ঘটনার সাথে হত্যা মামলার আসামি সবুজ মোল্লা ও তার সহযোগীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিদেশে ব্যবসার প্রলোভন দেখিয়ে কয়েক লাখ টাকা নেয়াকে কেন্দ্র করে রফিকুল ইসলামের সাথে একই এলাকার সবুজ মোল্লা ও রাকিবের দীর্ঘদিন ধরে আর্থিক বিরোধ চলছিল। এর জের ধরে গত ২ জুন রাত পৌনে ৩টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি রফিকুলের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা রফিকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এ সময় ঘুম থেকে জেগে ওঠা শিশু রিয়ানও গুলিবিদ্ধ হয়।

পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে প্রবাসীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রফিকুলের মা মর্জিনা বেগম বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মুন্সীগঞ্জ সদর থানার এসআই খালেদুজ্জামান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে এরই মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন আগের একটি হত্যা মামলারও আসামি। ঘটনার প্রকৃত কারণ ও ব্যবহৃত অস্ত্রের উৎস অনুসন্ধানের পাশাপাশি বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ দিকে চাঞ্চল্যকর এ হামলার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।