সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

কলেজছাত্রী হত্যা, প্রেমিক গ্রফতার

বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের ছাত্রী সানজিদা কবির আনিতাকে (২০) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত প্রেমিক মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করেছে রথ্যাব-৮। গতকাল বৃহস্পতিবার সকালে উজিরপুরের ইচলাদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রথ্যাব জানায়, গত ২৩ এপ্রিল আনিতা নিখোঁজ হওয়ার পর মাইনুলের ভাড়া বাসার খাটের ওপর থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। দুই বছরের প্রেমের সম্পর্কের টানাপড়েন থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর হিমু আত্মগোপনে থাকলেও প্রযুক্তির সহায়তায় র‌্যাব তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে। গ্রেফারকৃত হিমুকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বরিশাল ব্যুরো।


ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তি

বগুড়ায় ইসলামিক এডুকেশন সোসাইটি ঢাকা আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ২৭ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তির চেক ও সনদ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার শহরের বাদুরতলাস্থ আদর্শ স্কুল অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোসাইটির বগুড়া প্রতিনিধি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মোহাম্মদ আলী ও স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক রোকসানা বেগম। বগুড়া অফিস।


লিগ্যাল এইডে ৪০ লাখ টাকা আদায়

বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এক বছরে ভুক্তভোগীদের ৪০ লাখ টাকা আদায় করে দিয়েছে হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস। ২০২৫ সালের পরিসংখ্যানে দেখা গেছে, দায়েরকৃত অভিযোগের ৩৫ শতাংশই আদালতের মামলা ছাড়া সফলভাবে নিষ্পত্তি হয়েছে। মোট ৬৬৪টি অভিযোগের শুনানিতে পারিবারিক, ফৌজদারি ও জমিসংক্রান্ত বিরোধের সহজ সমাধান দেয়া হয়। মামলা ছাড়াই সমঝোতার মাধ্যমে টাকা পাওয়ায় লিগ্যাল এইডের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আব্বাছ উদ্দিন জানান, আদালতের মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি একটি কার্যকর পদ্ধতি হিসেবে প্রমাণিত হচ্ছে। হবিগঞ্জ প্রতিনিধি।


মেহেরপুর সীমান্তে কড়া নজরদারি

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সম্ভাব্য অস্থিরতা ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে মেহেরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেহেরপুর সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকার বিভিন্ন বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা সহিংসতার আশঙ্কা এড়াতেই নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনক যেকোনো চলাচল দ্রুত শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতাও জোরদার থাকবে।’ গাংনী (মেহেরপুর) সংবাদদাতা।


জিয়ার স্মৃতি বিজড়িত খাল খনন

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে জালালপুর-লোহাজুরী এলাকায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন এ কাজের উদ্বোধন করেন। সত্তরের দশকের শেষে জিয়ার সরাসরি নির্দেশনায় এই খালটি খনন করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় সেচ সঙ্কটে ছিলেন কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, খনন সম্পন্ন হলে কয়েকশ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এটি এলাকার জলাবদ্ধতা দূর করে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।


কাউখালী-বরিশাল বাস না থাকায় ভোগান্তি

পিরোজপুরের কাউখালী থেকে বরিশাল পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। প্রতিদিন চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনে অসংখ্য যাত্রীকে ভেঙে ভেঙে একাধিক যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত খরচ বেড়েছে। বিশেষ করে নারী, শিশু ও রোগীদের জন্য এই ভ্রমণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরাসরি বাস না থাকায় দুই-তিনবার গাড়ি পরিবর্তন করতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়। এলাকাবাসী দ্রুত কাউখালী-বরিশাল রুটে নিয়মিত সরাসরি বাস সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।


৪ দিনেও সন্ধান মেলেনি কিশোরের

ময়মনসিংহের ভালুকায় কর্মস্থলে যাওয়ার পথে নিরব হোসেন (১৬) নামে এক কিশোর শ্রমিক চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩ মে সকালে দক্ষিণ জামিরদিয়া এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। নিরব ময়মনসিংহের সুতিয়াখালীর বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি টেক্সটাইল মিলের শ্রমিক। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে না পেয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার বাবা। নিখোঁজ হওয়ার পর থেকে নিরবের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ জানায়, কিশোর নিরবকে উদ্ধারে প্রয়োজনীয় অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা নেয়া

হচ্ছে। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।


৮০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৮০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের পালপাড়া কলেজপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- ইব্রাহিম আল ইমরান (১৭) ও সাহারা বেগম (৫০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি সাহাবুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সামিম আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

থাকবে। নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা।


ডাকাতির ঘটনায় প্রধান আসামি আটক

যশোরের শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামে গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইয়াকুব আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও দু’টি মোটরসাইকেল লুট করে। যাওয়ার সময় এলাকায় আতঙ্ক ছড়াতে ডাকাতদল বোমা বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বেনাপোল থেকে প্রধান অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত দু’টি মোটরসাইকেল। নাভারণ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, আটক রবির বিরুদ্ধে আগে থেকেই চুরি-ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। এই চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বেনাপোল (যশোর) সংবাদদাতা।