নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ে নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে রাজধানীর ব্যস্ত ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরে প্রায় দুই ঘণ্টা পর সড়ক ছাড়েন তারা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে তারা লাভ রোডসংলগ্ন মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানিয়েছেন, নাসা নিট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের হেলপার থেকে ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের মে মাসের বেতন পরিশোধ করতে হবে, ২০২৫ সালের ছুটির টাকা দিতে হবে, ২০২৫ সালের ডিসেম্বরের এরিয়া বিলের টাকা পরিশোধ করতে হবে, নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
এ ছাড়া শ্রম আইন অনুসারে সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে। শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোনো হয়রানি (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।
ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মূল সড়ক ছেড়ে দিয়েছেন।
তবে দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ সৃষ্টি হয়। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে। পরে শ্রমিকরা সড়ক দিয়ে শ্রমভবনের দিকে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, পোশাক শ্রমিকরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।


