ভারতের পুশইন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে : ড. হামিদ আযাদ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের সীমান্ত নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরো কার্যকর, দূরদর্শী ও যথাথত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সীমান্তে যেকোনো ধরনের উত্তেজনা, পুশইন, অবৈধ কার্যক্রম কিংবা নিরীহ নাগরিকদের প্রাণহানির ঘটনা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় বলে তিনি মন্তব্য করেন।

গতকাল শনিবার শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে জেলা রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ধারাবাহিক ‘পুশইন’ ও ‘সীমান্ত হত্যা’ বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ।

নাগরিক পরিচয় যাচাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে দেয়া আর সীমান্তে বাংলাদেশী হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সরকারকে এসব বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ড. হামিদ আযাদ তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোরও প্রতিবাদ জানান।

তিনি বলেন, সরকার জনগণের কথা চিন্তা না করে ইচ্ছেমতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।

তিনি সরকারকে এসব অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে শরিয়তপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মান্নান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর জেলা আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দিন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন এবং মাওলানা আব্দুস সুবহান খানসহ কেন্দ্র ও জেলা জামায়াতের অন্যান্য নেতা।