গণভোটের রায় বাস্তবায়নের দাবি মামুনুল হকের

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, এ নিয়ে গড়িমসি করা হলে সরকারকে জনরোষে পড়তে হবে। শনিবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিশের সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, জেলা সেক্রেটারি মুফতি আরিফুজ্জামান এবং কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক।

মামুনুল হক বলেন, গণভোটে জনগণের দেয়া রায় বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলার সুযোগ নেই। তার দাবি, এ রায় বাস্তবায়ন না হলে জনগণ আন্দোলনের মাধ্যমে এর বাস্তবায়ন আদায় করবে। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদ দূর করা, বৈষম্য দূর করা ও সাম্য প্রতিষ্ঠা করা। তার অভিযোগ, আন্দোলনের অংশীদার হওয়া সত্ত্বেও বিএনপি এখন বিভিন্ন অজুহাতে জুলাই গণভোটের রায় ও জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বিএনপির প্রতি সতর্কবার্তা দিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, অতীত থেকে শিক্ষা না নিলে দলটিকে রাজনৈতিকভাবে মূল্য দিতে হতে পারে। তিনি দাবি করেন, ক্ষমতা কখনো স্থায়ী নয় এবং জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারে না।

মামুনুল হক আরো বলেন, নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জুলাই আন্দোলনের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে গুরুত্ব দিতে হবে। গণভোটের রায় দ্রুত কার্যকর করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজন হলে নতুন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।