নতুন কোচ নিয়ে ঢাকায় আসছে পাকিস্তান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দুটি টেস্ট খেলতে আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের মঞ্চও প্রস্তুত। মিরপুর শেরেবাংলায় ৮-১২ মে প্রথম টেস্ট, ১৬-২০ মে দ্বিতীয় টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তান দলে যেন একসঙ্গে দুটো গল্প-একটি নেতৃত্বের ধারাবাহিকতা, অন্যটি নতুন অধ্যায়ের সূচনা। নেতৃত্বে কোনো পরিবর্তন নেই। অধিনায়ক হিসেবেই থাকছেন শান মাসুদ। তবে ড্রেসিংরুমের ভেতরের চিত্রটা বদলে যাচ্ছে। কারণ, এবার টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। দীর্ঘদিন শূন্য থাকা এই পদে সরফরাজকে নিয়োগ নতুন আলোচনার জন্ম দিয়েছে পিসিবি। সরফরাজের জন্য এটি শুধু দায়িত্ব নয় বরং এক ধরনের প্রত্যাবর্তন। জাতীয় দলে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা থাকলেও কোচ হিসেবে এটাই তার প্রথম বড় মঞ্চ। তাকে সহযোগিতা করবেন ব্যাটিং কোচ আসাদ শফিক এবং বোলিং কোচ উমর গুল। দুইজনই সাবেক সতীর্থ, যা কোচিং ইউনিটে বোঝাপড়াকে সহজ করতে পারে।

১৬ সদস্যের দলে নতুনদের পদচারনায় আছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। চারটি নাম যেন ভবিষ্যতের পরিকল্পনায় সুদুরপ্রসারী ইঙ্গিত।

দলের প্রস্তুতিও হচ্ছে কিছুটা ভিন্ন ছকে। জাতীয় দলের প্রস্তুতি যেন ছড়িয়ে আছে দুই ভিন্ন মঞ্চে। লাহোরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে লাল বলের অনুশীলনে যারা ব্যস্ত, তারা আবার বেশির ভাগই খেলছেন পাকিস্তান সুপার লিগে। সবাইকে এক সুতোয় গাঁথার চেষ্টা করাচির প্রস্তুতি ক্যাম্পে। ২৭ এপ্রিল শুরু হয়ে ১ মে পর্যন্ত চলবে এই ক্যাম্প। এরপর ২ মে বাংলাদেশে রওনা দেবে দল।

পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।