চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুহাইমিনুলের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা খাদ্য বিভাগ।
গতকাল বুধবার দুপুরে চিতলমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক দিলোয়ার হোসেন তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অভিযোগের তদন্ত শুরু হওয়ার কথা রয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ফকিরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিহার রঞ্জন সমাদ্দারকে। সদস্য হিসেবে রয়েছেন শরণখোলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুম বিল্লাহ এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক আদুরী রানী ব্রহ্ম।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মুহাইমিনুলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে স্থানীয় কৃষক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।



