গবেষক ও শাহ মখদুম ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা আর গত সোমবার রাতে ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ১৯৭৬ সালে রাজশাহী কলেজ থেকে বিএ (অনার্স), ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৯৪ সালে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। ১৯৮৩ সালে শাহ মখদুম কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়ে ২০১৩ সালের ১০ জানুয়ারি অধ্যক্ষ হিসেবে অবসর নেন।
বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটির এই আজীবন সদস্যের রচিত ও সম্পাদিত গ্রন্থ ৪০টি। গবেষণা ও সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বন্দে আলী মিয়া পদক, ২০০১ সালে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক, ২০০৯ সালে কচি-কাঁচার মেলা পদক, ২০১৩ সালে কবিকুঞ্জ পদক, ২০১৮ সালে ঋত্বিক ঘটক পদক, ২০১৯ সালে অক্ষয় কুমার মৈত্রেয় পদক, ২০২১ সালে বাংলা একাডেমির সা’দাত আলী আকন্দ পুরস্কার এবং ২০২২ সালে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা লাভ করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।



